দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ঊর্ধ্বমুখী। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ৯ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলারে। রবিবার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৯ আগস্ট গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ হাজার ৮৬৬ দশমিক ৬৪ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩২ হাজার ৪৯ দশমিক ৬৬ মিলিয়ন ডলার।
এর পাঁচ দিন আগে, ৪ আগস্ট দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৬ হাজার ৫৯২ দশমিক ৬৮ মিলিয়ন ডলার। অর্থাৎ পাঁচ দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে ২৭৩ দশমিক ৯৬ মিলিয়ন ডলার।
একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভও বেড়েছে। ৪ আগস্ট এ হিসাবে রিজার্ভ ছিল ৩১ হাজার ৭৭৬ দশমিক ২৭ মিলিয়ন ডলার। পাঁচ দিন পর তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৪৯ দশমিক ৬৬ মিলিয়ন ডলারে।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রকৃত বা নিট পরিমাণ নির্ধারণে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসরণ করা হয়। এ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দেওয়ার পর যে অর্থ থাকে, সেটিকে নিট রিজার্ভ হিসেবে বিবেচনা করা হয়। সাম্প্রতিক সময়ে রেমিট্যান্সপ্রবাহসহ বৈদেশিক মুদ্রা আয়ের বিভিন্ন উৎসে ইতিবাচক প্রবণতার মধ্যে রিজার্ভেও ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 
























