ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৭ নম্বর আমজানখোর ইউনিয়নের স্কুল হাটে রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ দেখা দিয়েছে। জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার (৯ আগস্ট) স্কুল হাট এলাকায় আয়োজিত মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিষ্ঠানের জমি রক্ষা, দখলের অপচেষ্টা বন্ধ এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন।
স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, প্রতিষ্ঠানের ৪৭ শতক জমি কয়েকজন ব্যক্তি নিজেদের মালিকানা দাবি করে দখলের চেষ্টা করছেন। এ ঘটনায় জমি রক্ষায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। একই বিষয়ে বালিয়াডাঙ্গী থানাতেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগে জমি দখলের অপচেষ্টার জন্য মো. শাহজাহান আলী, মো. মোয়াজ্জেম হক, মো. নূর আলম, মো. আব্দুল গফুর ও মো. মামুন আলীকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মৌজা উদয়পুর-৫৬, খতিয়ান নম্বর ৫১৫-এর ৪২৮৩ ও ৪২৮৫ নম্বর দাগে প্রতিষ্ঠানের মোট ৪৭ শতক জমি রয়েছে। এসব জমি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ভোগদখলে রয়েছে বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে অভিযুক্ত মো. মোয়াজ্জেম হক বলেন, “আমি এই জমি ন্যায্য মূল্যে ক্রয় করেছি। আমার কাছে জমির সকল কাগজপত্র আছে।” তিনি জমিটি বৈধভাবে ক্রয় করেছেন বলে দাবি করেন।
জানা গেছে, বিরোধের বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষকে নিয়ে কয়েক দফা বৈঠক করে সমঝোতার চেষ্টা করা হয়েছে। তবে কোনো পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসতে রাজি না হওয়ায় বিষয়টির সমাধান হয়নি।
মানববন্ধনে স্কুলের শিক্ষার্থী, সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক বক্তব্য দেন। বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের জমি রক্ষা করা সবার দায়িত্ব। জমির প্রকৃত মালিকানা ও কাগজপত্র যাচাই করে দ্রুত বিরোধের নিষ্পত্তি এবং প্রতিষ্ঠানের ৪৭ শতক জমি সুরক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তারা জমির সীমানা নির্ধারণ, দখলের অপচেষ্টা বন্ধ এবং প্রতিষ্ঠানের জমি উদ্ধারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন।
ফজলুর রহমান, বালিয়াডাঙ্গী 























