জুলাই গণ–অভ্যুত্থান দিবসকে (৫ আগস্ট) কেন্দ্র করে গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
জানা গেছে, সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের পাশাপাশি আট প্লাটুন এপিবিএন, পাঁচ প্লাটুন বিজিবি ও পাঁচ প্লাটুন আরআরএফ দায়িত্ব পালন করছে। সার্বক্ষণিক টহল ও নজরদারির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, লঞ্চঘাট এলাকায় একটি সাঁজোয়া যান রাখা। গোপালগঞ্জ সরকারি কলেজের দক্ষিণ পাশের সড়কে প্রতিবন্ধক বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। পোস্ট অফিস মোড়, এলজিইডি মোড় ও এসএম মডেল স্কুল মোড়েও পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
পুলিশ সুপার বলেন, গোপালগঞ্জ একটি বিশেষ জেলা। সে কারণে আগে থেকেই পুলিশ সতর্ক আছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত।
নিজস্ব প্রতিবেদক 




















