ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলমান আলিম পরীক্ষা-২০২৬ চলাকালে নকলে সহযোগিতার অভিযোগে এক শিক্ষককে এক বছরের কারাদণ্ড এবং পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে কসবা মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির জানান, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় রানিখার এমদাদুল বারীএবং আলিম মাদরাসার শিক্ষক মুহাম্মদ মনির হোসেনের কাছে হাতে লেখা এমসিকিউ (MCQ) উত্তরের একটি কাগজ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে তিনি পাঁচ শিক্ষার্থীকে নকল করতে সহযোগিতা করেছেন বলে প্রমাণিত হয়।
এ ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে চলতি বছরের আলিম পরীক্ষার অবশিষ্ট সব বিষয়ে অংশগ্রহণ থেকেও তাদের বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী নকলে সহযোগিতার দায়ে শিক্ষক মুহাম্মদ মনির হোসেনকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির বলেন, পাবলিক পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় বা অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের এ পদক্ষেপ পাবলিক পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতেও সব পাবলিক পরীক্ষায় নকল ও অনিয়ম প্রতিরোধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
মোরশেদ আলম-কসবা প্রতিনিধি 




















