বর্তমান সরকার জেনারেল পড়ালেখার পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ে (হাই স্কুল) কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার (৪ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষার্থীদের ফল ভালো করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া প্রয়োজন। সে লক্ষ্যে সরকার পাইলট প্রগ্রাম হিসেবে প্রাইমারিতে মিড-ডে ফুড চালু করেছে। এ্যানি বলেন, মাধ্যমিক বিদ্যালয়ে সরকার কারিগরি শিক্ষার দিকে নজর দিয়েছে। জেনারেল পড়ালেখার পাশাপাশি সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে।
এ ছাড়া উপবৃত্তির ব্যবস্থাও আছে।
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রীর একান্ত সহকারী সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ও প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক 





















