রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকার একটি সাততলা ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে তিন ফার্নিচার শ্রমিক দগ্ধ হয়েছেন।
বুধবার (১ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১)। পরে তাদের উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা রাজিব জানান, দগ্ধ তিনজনই পান্থপথের একটি ফার্নিচার দোকানের শ্রমিক। ঘটনার সময় তারা ভবনের নিচতলায় ফার্নিচারে বার্নিশের কাজ করছিলেন। এ সময় সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস হঠাৎ বিস্ফোরিত হলে তারা দগ্ধ হন।
তিনি জানান, জুয়েল, রানা ও পারভেজ- তিনজনেরই বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়। জুয়েলের বাবার নাম সবুজ মিয়া, রানার বাবা সোনা মিয়া এবং পারভেজের বাবা মানিক মিয়া।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ জানান, জুয়েলের শরীরের ৩০ শতাংশ, রানার ৬৩ শতাংশ এবং পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় জুয়েল ও রানাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
তিনি আরও জানান, পারভেজকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজন হলে তাকেও আইসিইউতে নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক 
























