লন্ডনে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী এবং তাঁর স্ত্রী ইমরানা জামান চৌধুরীর নামে থাকা তিনটি বিলাসবহুল সম্পদের মালিকানা সম্প্রতি পরিবর্তন হয়েছে। এই সম্পদগুলোর মোট মূল্য প্রায় ৩ কোটি পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০০ কোটি টাকার সমান। যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট ‘কোম্পানিজ হাউস’ এবং ‘ল্যান্ড রেজিস্ট্রি’র সর্বশেষ নথিপত্র থেকে এ তথ্য জানা গেছে।
এক দিনেই ‘রনি ৪২ লিমিটেড’-এর নিয়ন্ত্রণ বদল
নথি অনুযায়ী, ২০১৯ সালের ২২ আগস্ট নিবন্ধিত হয় আনিসুজ্জামান চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান ‘রনি ৪২ লিমিটেড’। গত ১৯ সেপ্টেম্বর এই কোম্পানিতে একটি বড় পরিবর্তন ঘটে। সেদিন আনিসুজ্জামান চৌধুরী পরিচালক পদ থেকে পদত্যাগ করেন। একই দিনে আজারবাইজানের নাগরিক নাসিব পিরিয়েভ প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দায়িত্ব নিয়ে এর একক নিয়ন্ত্রণ নেন। পরবর্তীতে কোম্পানিটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘পিএনএন ইউকে প্রোপার্টিজ লিমিটেড’। তবে নাম বদলালেও কোম্পানির মূল নিবন্ধন নম্বর অপরিবর্তিত রয়েছে।
লন্ডনের রিজেন্ট পার্ক এলাকার পার্ক ক্রিসেন্টে!
অবস্থিত বিলাসবহুল দুটি অ্যাপার্টমেন্ট রয়েছে এই কোম্পানির নামে। এর মধ্যে একটি ২০২০ সালের ১০ সেপ্টেম্বর ৯১ লাখ পাউন্ডে (প্রায় ১৪৭ কোটি টাকা) কেনা হয়েছিল। অন্যটির ক্রয়মূল্য ও তারিখ নথিতে উল্লেখ নেই। বর্তমানে এই দুটি অ্যাপার্টমেন্টের বাজারমূল্য ২ কোটি পাউন্ডের (প্রায় ৩৩০ কোটি টাকা) বেশি। সম্পদ দুটি সিঙ্গাপুরভিত্তিক ডিভিএস ব্যাংকের কাছে বন্ধক রাখা আছে।
শেয়ার ও পদ ছাড়লেন স্ত্রী ইমরানা জামান
অন্যদিকে, গত বছরের ২৪ সেপ্টেম্বর আনিসুজ্জামান চৌধুরীর স্ত্রী ইমরানা জামান চৌধুরী তাঁর সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ‘জিএস এসপিভি ওয়ান লিমিটেড’-এর সব শেয়ার ছেড়ে দিয়ে পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন।
কোম্পানিটির মোট ১ হাজার শেয়ারের মধ্যে ৫০০ শেয়ার (৫০ শতাংশ) ছিল ইমরানা জামানের নামে। বাকি ৫০ শতাংশের মালিক নাদিয়া মমিন ইমাম। ২৪ সেপ্টেম্বর ইমরানা তাঁর সব শেয়ার নাদিয়া মমিন ইমামের কাছে হস্তান্তর করায় বর্তমানে তিনিই এই কোম্পানির একক শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক মালিক।
এই কোম্পানির অধীনে লন্ডনের গ্রসভেনর স্কয়ারের পাশে গিলবার্ট স্ট্রিটে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। ২০২২ সালের ১৫ জুলাই ৯৫ লাখ পাউন্ড (প্রায় ১৫৬ কোটি টাকা) দিয়ে এই অ্যাপার্টমেন্টটি কেনা হয়েছিল, যা এই কোম্পানির প্রধান সম্পদ হিসেবে বিবেচিত।
নজরে ২৬ কোটি টাকার আরও এক অ্যাপার্টমেন্ট!
এর আগে গত জুলাই মাসে লন্ডনের অভিজাত এজোয়ার রোডের কাছে আনিসুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরও একটি বিলাসবহুল আধুনিক অ্যাপার্টমেন্টের সন্ধান পাওয়া যায়। উত্তর লন্ডনের নিউক্যাসল প্লেসে অবস্থিত ‘ওয়েস্টমার্ক টাওয়ার’-এর এই অ্যাপার্টমেন্টটির মূল্য ১৬ লাখ ৬ হাজার৪৫০ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ কোটি ৫০ লাখ টাকার সমান।
বিদেশে বিপুল অঙ্কের এই সম্পদ ও হঠাৎ করে মালিকানা পরিবর্তনের বিষয়টি নিয়ে এখন নানা মহলে আলোচনা চলছে।
সংবাদ শিরোনাম ::
সাবেক ভূমিমন্ত্রীর ভাই আনিসুজ্জামান ও স্ত্রীর বিলাসবহুল ৩ সম্পদের মালিকানা বদল নিয়ে প্রশ্ন
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় ০২:০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- ৫০৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















