সড়কবাতির আধুনিক ও বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে ফ্রান্স যেতে অতি উৎসাহী হয়ে উঠেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। ১১ দিনের এই সফরে তিনি সঙ্গে নিতে চাইছেন রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটকে।
আগামী ২০ থেকে ৩০ জুন পর্যন্ত তাঁদের ফ্রান্সে অবস্থান করার কথা রয়েছে।
এদিকে একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সড়কবাতি বিষয়ে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের জন্য বিদেশ সফর কতটা প্রয়োজনীয় এবং তার বাস্তব সুফল নগরবাসী কতটা পাবে তার কোনো নির্দিষ্ট তথ্য নেই। মূলত উচ্চমূল্যে সড়কবাতি কিনে সেই কমিশনে বিদেশ সফরের আয়োজন এটি। জানা গেছে, স্থানীয় সরকার বিভাগ এই সফরের বিষয়ে গতকাল পর্যন্ত অনুমোদন দেয়নি।
জানা গেছে, এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতি চেয়ে গত ১২ মে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। চিঠিতে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক আলোকসজ্জা প্রযুক্তি প্রতিষ্ঠান সিগনিফাই বাংলাদেশ লিমিটেড নামের একটি কম্পানির আমন্ত্রণে তাঁরা ফ্রান্স সফরে যেতে চান। সফরকালে রাসিকের প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী সিগনিফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার (ওলাক) পরিদর্শন করবেন। সেখানে সড়কবাতির সর্বাধুনিক ও বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তি, উৎপাদনপ্রক্রিয়া ও ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা লাভ করবেন বলে সরকারি চিঠিতে উল্লেখ রয়েছে।
স্থানীয় সরকার বিভাগে পাঠানো চিঠিতে আরো বলা হয়েছে, এই সফরের সব ব্যয়ভার বহন করবে সিগনিফাই বাংলাদেশ লিমিটেড। সরকারি অর্থ ব্যয় ছাড়াই এই সফর অনুষ্ঠিত হবে। সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, ‘আমরা ফ্রান্সে তৈরি সড়কবাতি বাংলাদেশে নিয়ে আসি। বিভিন্ন ডিলারের মাধ্যমে এসব পণ্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করা হয়। কোনো ক্রেতা প্রতিষ্ঠান ওয়ার্ক অর্ডার দেওয়ার পর উৎপাদনপ্রক্রিয়া ও প্রযুক্তি সম্পর্কে জানার আগ্রহ দেখালে আমরা তাদের ফ্রান্সে নিয়ে কারখানা ও সংশ্লিষ্ট স্থাপনা পরিদর্শনের সুযোগ করে দিই।
’ তবে বর্তমানে রাজশাহী সিটি করপোরেশন কোন ডিলারের মাধ্যমে সড়কবাতি সংগ্রহ করছে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য দিতে পারেননি তিনি। মেহেদী হাসান বলেন, ‘আমাদের কয়েকজন ডিলার রয়েছে। এই মুহূর্তে ঠিক কোন ডিলার
রাসিককে পণ্য সরবরাহ করছে তা বলতে পারছি না।’
সফর প্রসঙ্গে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একইভাবে নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম সরাসরি মন্তব্য না করে জনসংযোগ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। তবে জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।
নিজস্ব প্রতিবেদক 






















