চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দুটি লেগেই বার্সেলোনা ১০ জন নিয়ে খেলেছে। দ্বিতীয় লেগে ২-১ গোলে অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে জিতলেও একজন কম নিয়ে খেলে লড়াইয়ে সমতা ফেরাতে পারেনি তারা। পুরো ম্যাচ মাঠের বাইরে থেকে দেখেছেন তাদের তারকা খেলোয়াড় রাফিনহা। সতীর্থদের চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় হতে দেখে তিনি বললেন, বার্সেলোনাকে ‘লুট’ করা হয়েছে।
ইনজুরির কারণে রাফিনহা ম্যাচটি খেলতে পারেননি। তবুও সতীর্থদের সঙ্গে মাদ্রিদে গিয়েছিলেন। কিন্তু নাটকীয় প্রত্যাবর্তন দেখতে পেলেন না। বরং রেফারির কিছু সিদ্ধান্তে ক্ষোভ ঝারলেন।
প্রথমার্ধে বার্সা ২-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ফেরান তোরেসের গোল অফসাইডে বাতিল হয়। এছাড়া অ্যালেক্সান্ডার সরলথকে ফাউল করে এরিক গার্সিয়া প্রথমে হলুদ কার্ড দেখলেও ভিএআরে লাল কার্ড দেখেন।
ম্যাচ শেষে রাফিনহা সাংবাদিকদের বলেন, ‘খেলায় আমাদের পুরোপুরি লুট করা হয়েছে। রেফারির অনেক সমস্যা ছিল। তার কিছু সিদ্ধান্ত ছিল অবিশ্বাস্য। আমি জানি না অ্যাতলেটিকো কতগুলো ফাউল করেছিল এবং তিনি তাদেরকে বুক করেননি।’
প্রথমার্ধে দানি ওলমো ফাউলের শিকার হলে বার্সা পেনাল্টির আবেদন করে। কিন্তু রাফিনহা স্পষ্ট করে বলেননি রেফারির কোন সিদ্ধান্তটি বিতর্কিত ছিল।
এর আগে প্রথম লেগে বক্সের মধ্যে মার্ক পিউবিলের হ্যান্ডবলের পর বার্সা পেনাল্টির আবেদন করলেও রেফারি সাড়া দেননি। উয়েফার কাছে এনিয়ে আপিল করেছিল তারা, কিন্তু ইউরোপিয়ান সংস্থা তাদের প্রতিবাদকে ‘অগ্রহণযোগ্য’ ঘোষণা করে।
স্পোর্টস ডেস্ক 
























