কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া বলেছেন, শিক্ষার উন্নয়ন ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে এবং নেতৃত্বে থাকতে হবে যোগ্য, দক্ষ ও শিক্ষাবান্ধব ব্যক্তিদের।
শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় লালমাই উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, লালমাইয়ের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে উন্নত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞ আনা হবে।
লালমাইয়ে একটি আধুনিক কারিগরি কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ ছাড়াও ইংরেজি ও গণিত বিষয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনার মাধ্যমে সভাটি শিক্ষাব্যবস্থার সমস্যা, সম্ভাবনা ও করণীয় নির্ধারণের এক কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ এবং লালমাই থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিক্ষক সংকট, পাঠদানের মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং পরীক্ষায় নকল প্রতিরোধসহ নানা চ্যালেঞ্জ তুলে ধরেন। একই সঙ্গে এসব সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি 





















