রংপুরের পীরগঞ্জে আদালতের আদেশ উপেক্ষা করে কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগে যুবলীগ নেতা মাসুম আকন্দ ও পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) নাহিদ ইসলামের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। বুধবার (৮ এপ্রিল) দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য তৌহিদুল ইসলাম মন্ডলসহ এতে বক্তব্য রাখেন ভূক্তভোগী পরিবারের সদস্য তৌহিদুল ইসলাম মন্ডল, সাংবাদিক কবি-সাহিত্যিক স্বাপ্তাহিক বজ্রকথা’র সম্পাদক ও প্রকাশক সুলতান আহমেদ সোনা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপি নেতা আব্দুল করিম সরকার, পৌর যুবদল নেতা একরামুল হক প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, আদালতের ১৪৪/১৪৫ ধারায় জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখল করে সেখানে অবকাঠামো নির্মাণ করছে। এ সময় তারা ওসি (তদন্ত) নাহিদ ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রেখে প্রতিপক্ষকে দখল সুসংহত করার সুযোগ দিয়েছেন।
অভিযুক্তকারীরা আরও বলেন, আদালত গত ১২/১১/২০২৫ তারিখে রংপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ১৪৪/১৪৫ ধারা (২৭৫/২৫) রায় প্রদান করে জানান, উক্ত নালিশি জমিতে প্রতিপক্ষ গংদের প্রবেশাধিকারে বাধিত করা হয়। ওসি পীরগঞ্জ থানাকে এ আদেশ বাস্তবায়নে নির্দেশ প্রদান করা হয়েছে। কিন্তু কোন এক অদৃশ্য কারণে উক্ত আদেশ বাস্তবায়ন করতে সক্ষম না হওয়ায় প্রতিপক্ষ উক্ত নালিশি জমিতে দখল সুসংহত করায় সুযোগ পাচ্ছে বলে বক্তারা জানান ।
এসময় বক্তারা আরও দাবি করেন, প্রশাসনের নীরব ভূমিকার কারণে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপে জমি উদ্ধার ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ বিষয়ে ওসি তদন্ত নাহিদ ইসলামের সরকারি নম্বরে (০১৩২০১৩১৫১২) একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি । এবং অভিযুক্তকারীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
তারিকুল ইসলাম তারিক, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি 




















