কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বাজারের অবৈধ দোকানপাট ও স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই মার্কেটটি নিয়ে উচ্চ আদালতে দুটি মামলা চলমান ছিল। স্থানীয় আক্তার হোসেন নামের এক ব্যক্তির করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে এবং উচ্চ আদালতের নির্দেশনায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, “এই মার্কেটের বিষয়ে মহামান্য হাইকোর্টের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি। উচ্ছেদের আগে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তিনবার চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা সেসব নোটিশ অমান্য করে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। জনস্বার্থে এবং সরকারি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আজ এই অভিযান পরিচালনা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। প্রকল্পের নকশা অনুযায়ী বাজারের উন্নয়ন কাজ নিশ্চিত করতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা সরকারি নিয়ম ভঙ্গ করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযান চলাকালে স্থানীয় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্ছেদকৃত জায়গা দ্রুতই গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে।
পারভেজ আলম ,ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি। 























