নওগাঁ শহরে স্কুলছাত্রীকে ইভটিজিং ও শারীরিকভাবে হেনস্তার ঘটনায় দ্রুত অভিযানে এক তরুণকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (০৬ এপ্রিল) বিকেলে শহরের একটি স্বনামধন্য বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্কুল শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় এক অজ্ঞাতনামা তরুণ মোটরসাইকেলে এসে তার পথরোধ করে এবং তার গায়ে হাত দিয়ে হেনস্তা করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর থেকে ওই ছাত্রী ভয় ও মানসিক চাপে ভুগছে এবং স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নেয়।
বিষয়টি জানতে পেরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে জেলা গোয়েন্দা শাখায় অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দেন।
নির্দেশনা অনুযায়ী ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি ও সড়কের বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে। পরে মধ্যরাতে ঝটিকা অভিযান চালিয়ে নওগাঁ সদর উপজেলার কাদোয়া (উত্তরপাড়া) এলাকা থেকে মো. গোলাম মোস্তফা @ রাব্বি (২৭) নামে অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারের সময় ঘটনাকালে ব্যবহৃত মোটরসাইকেল ও পরিহিত শার্ট জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা নওগাঁ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছে। পাশাপাশি অতীতেও স্কুলছাত্রীদের ইভটিজিং ও অনাকাঙ্ক্ষিত স্পর্শ করার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে পুলিশ সুপার বলেন, সড়কে ইভটিজিং বা শিক্ষার্থীদের হেনস্তাকারীদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছেন।
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ 




















