সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম নামে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহতের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলমান জমি বিরোধের জেরে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এ হামলা চালায়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পশ্চিম জাফলং ইউনিয়নের লংলাখাল (ইসলামাবাদ) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে সালেহ আহমদ জানান, জমি সংক্রান্ত বিরোধের কারণে প্রতিবেশী কুতুব উদ্দিনের পরিবারের সদস্যরা অতর্কিতভাবে তার পিতা আবুল কালামের ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি দিয়ে তাকে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে, এতে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে অভিযুক্ত কুতুব উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আবুল নামে এক ব্যক্তিকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তবে এ ঘটনায় এখনো কোনো পুলিশ মামলা না থাকায় প্রাথমিকভাবে এটিকে ‘ব্রট ডেড’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে স্বজনরা চাইলে ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, অভিযোগের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ শিরোনাম ::
জমি নিয়ে দ্বন্দ্ব: গোয়াইনঘাটে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ীর মৃত্যু
-
শামীম আহমদ, স্টাফ রিপোর্টার, সিলেট: - আপডেট সময় ০১:০৪:২২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- ৫০৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ





















