বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুহা. মহিউদ্দিন। এছাড়া সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খাঁনকে মনোনীত করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) সকাল ৮টায় রাজধানীর শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত এক সদস্য সমাবেশের মাধ্যমে এই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম।
শাখা সভাপতি নির্বাচনের লক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোট পাওয়ায় মুহা. মহিউদ্দিনকে ২০২৬ সেশনের জন্য ঢাবি শাখার সভাপতি হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। পরে তিনি নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণ শেষে সদস্যদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মুহা. মহিউদ্দিন শাখা সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খাঁনের নাম ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদক 

























