এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের এক দফা দাবি আদায় এবং শিক্ষকদের অধিকার রক্ষায় বরগুনা সদর উপজেলায় ‘বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম’-এর ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আব্দুল গনি হাওলাদার দাখিল মাদ্রাসার জ্যেষ্ঠ মৌলভী মাওলানা শাহজালাল রুমিকে সভাপতি এবং রোডপাড়া শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় বরগুনা জেলা স্কাউট ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
বদরখালী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. আশরাফ আলী ফরাজীর সভাপতিত্বে সভায় সদর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা অংশ নেন। তাদের প্রত্যক্ষ প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে এই উপজেলা কমিটি চূড়ান্ত করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের বরগুনা জেলা কমিটির আহ্বায়ক মো. আবু সায়েম আজাদ, সদস্য সচিব মো. জহিরুল হক এবং বাংলাদেশ স্কাউটস বরগুনা জেলার সম্পাদক মো. আবু জাফর।
সভায় বক্তারা বলেন, ‘‘অতীতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা আলাদাভাবে আন্দোলন করায় সরকারের কাছে আমাদের দাবিগুলো জোরালোভাবে পৌঁছাত না। কিন্তু ২০১৮ সালে এই ফোরাম গঠনের পর থেকে আমরা ঐক্যবদ্ধভাবে বেশ কিছু দাবি আদায়ে সক্ষম হয়েছি।’’
শিক্ষক নেতারা প্রত্যয় ব্যক্ত করে বলেন, ভেদাভেদ ভুলে একই ছাতার নিচে থেকে আন্দোলনের মাধ্যমেই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রাণের দাবি আদায় করা হবে।
মাওলানা মোঃ আব্দুল মোতালেব, বরগুনা 
























