ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া পুরাতন ব্রিজ এলাকায় মাওয়ামুখী সার্ভিস লেনে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার সেন্টু ভুইয়ার ছেলে ইমন ভুইয়া (২৬) এবং ঢাকার নবাবগঞ্জ এলাকার সামিউল ইসলাম (২৭)। সম্পর্কে তারা দুই বন্ধু।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ধারণা করা হচ্ছে ঢাকার দিক থেকে আসা মোটরসাইকেলটি এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া পুরাতন ব্রিজ এলাকার সার্ভিস লেন দিয়ে মাওয়ার দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি গাড়ি ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে দুজন সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
মুন্সীগঞ্জ শ্রীনগর হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আবু নাঈম সিদ্দিকী বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহসহ মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। গাড়ির ধাক্কায় বা মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি 
























