গণঅধিকার পরিষদ নওগাঁ জেলা আহ্বায়ক কমিটি, উপজেলা ও পৌর কমিটি এবং অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৯আগস্ট) দুপুরে শহরের প্যারিমোহন গ্রন্থাগারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, বিভিন্ন উপজেলার সভাপতি–সাধারণ সম্পাদক এবং ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদসহ একাধিক অঙ্গসংগঠনের নেতারা স্বাক্ষরিত পদত্যাগপত্র উপস্থাপন করেন।
নেতারা অভিযোগ করেন, কেন্দ্রীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অগণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের কারণে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সংগঠন গড়ে তুললেও তাদের মতামতকে উপেক্ষা করে কেন্দ্র থেকে ব্যক্তিকেন্দ্রিক ও অজনপ্রিয় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে।
“গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠাকালে আমরা ভেবেছিলাম এটি হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের নতুন মঞ্চ। সেই বিশ্বাস থেকেই আমরা নওগাঁয় সংগঠনকে তিলে তিলে গড়ে তুলেছি। কিন্তু আজ কেন্দ্রীয় নেতৃত্ব ব্যক্তিস্বার্থে নিমজ্জিত হয়ে পড়েছে। জনগণের পক্ষে অবস্থান নেওয়ার বদলে সংগঠনকে ব্যবহার করা হচ্ছে ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে।”
“সংগঠনের ভেতরে দলীয় স্বজনপ্রীতি, পদবাজি ও অনৈতিক কর্মকাণ্ড এমন পর্যায়ে পৌঁছেছে যে, আত্মমর্যাদা রক্ষার জন্য আমাদের পদত্যাগ ছাড়া আর কোনো পথ খোলা ছিল না।”
পদত্যাগী নেতারা জানান, তারা রাজনীতি থেকে সরে যাচ্ছেন না। বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তারা নতুনভাবে আত্মপ্রকাশ করবেন। ভবিষ্যতে গণমানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে একটি বিকল্প রাজনৈতিক ধারা গড়ে তুলতে তারা ঐক্যবদ্ধ থাকবেন।
নওগাঁর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই গণপদত্যাগকে গণঅধিকার পরিষদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের পদত্যাগের ফলে সংগঠনটির সাংগঠনিক কর্মকাণ্ড প্রায় ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, এ পদত্যাগের মাধ্যমে নওগাঁতে সংগঠনটির কার্যক্রম কার্যত অচল হয়ে যাবে।
পদত্যাগ প্রসঙ্গে কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের কোনো নেতার মন্তব্য পাওয়া যায়নি। তবে নওগাঁর পদত্যাগী নেতারা জানিয়েছেন, তারা বহুবার কেন্দ্রীয় কমিটিকে সতর্ক করেছিলেন। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে তারা শেষ পর্যন্ত গণপদত্যাগের পথ বেছে নিয়েছেন।
নওগাঁ প্রতিনিধি 























