রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ৩নং পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর বাশিয়াপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও মিঠাপুকুর থানা পুলিশের যৌথ অভিযানে ১৪৫ কেজি চোলাই মদ দুটি মোবাইল সেট ও ১২শত টাকা সহ দুজন মাদক কারবারিকে বাটু মিয়া ও তার স্ত্রী শাহীনাকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন থেকে মাদকের সাথে জড়িত তাদের নামে রয়েছে একাধিক মামলা।
আজ বিকাল আনুঃ ৫টা সময় মেজর শেখ রাশশাদ রহমানের নেতৃত্বে ক্যাপ্টেন রাকিবুলের পরিচালনায় এই অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই সফল অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেন।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মিঠাপুকুর থানা পুলিশের কাছে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
এই অভিযান প্রসঙ্গে মিঠাপুকুর থানার এক কর্মকর্তা জানান, “মাদক নির্মূলের লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় এই অভিযানে বড় সাফল্য এসেছে। এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা নিরাপদ সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতার প্রশংসা করেছেন।
শহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি 























