নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দখল-চাঁদাবাজির প্রতিবাদ করায় চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনকে (৫০) গলা কেটে হত্যার চেষ্টার ঘটনায় যুবদল কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে কোম্পানীগঞ্জ থানায় আহত সাহাব উদ্দিনের ছেলে শেখ ফরিদ যুবদল কর্মীসহ ১৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ৮-১০জনের বিরুদ্ধে মামলা করে। এর আগে গত রোববার বিকেলে বসুরহাট হাসপাতাল রোডে বিএনপির নেতা সাহাব উদ্দিন ও তার ভাই বেলাল হোসেনের ওপর হত্যার চেষ্টা করে ওই সন্ত্রাসীরা।
মামলা সূত্রে জানা যায়, রোববার বিকেলে চরএলাহী ইউনিয়ন যুবদলের সদস্য ইব্রাহিম, ইসমাইল, ইমাম উদ্দিন সবুজ তোতা, সাব্বির ও বাহাদুরসহ ১০-১৫ জন হামলা চালিয়ে সাহাব উদ্দিনকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেন। এ সময় তাকে বাঁচাতে তার ভাই বেলাল হোসেন এগিয়ে গেলে তাকেও আহত করা হয়। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। বিএনপি নেতা সাহাব উদ্দিনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে গতকাল সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মাদ ফৌজুল আজিম মামলার বিষয় নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারের অভিযানে পুলিশ নেমেছে।
নোয়াখালী প্রতিনিধি 























