নাটোরের লালপুর উপজেলায় প্রাইভেটকার থামিয়ে ভেড়ামারা মাইক্রো স্ট্যান্ডের সভাপতি ও ভেড়ামারা পৌর শ্রমিক দলের সহ-সভাপতি গাড়ি চালক সাইদুল রহমান (৪০) কে নৃশংসভাবে হত্যার বিচার দাবিতে ভেড়ামারায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শনিবার ৯ই আগস্ট ভেড়ামারা প্রেসক্লাবের সামনে ভেড়ামারা মাইক্রোস্ট্যান্ডের সদস্য, ভেড়ামারা পৌর শ্রমিক দল ও পরিবারের পক্ষ থেকে এই মানববন্ধন করা হয়।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে গোপালপুর-লালপুর সড়কের গোপালপুর মিলস হাইস্কুলের পাশের রাস্তায় নৃশংস এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত সাইদুল রহমান কুষ্টিয়া জেলার ভেড়ামারা রেলগেট বামনপাড়ার বাসিন্দা।
মানববন্ধনে ভেড়ামারা উপজেলা বিএনপি’র আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম বলেন, প্রশাসনের কাছে আমাদের জোড় দাবি, সাইদুলকে যে বা যাহারা নৃশংসভাবে হত্যা করেছে, অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। এ সময় তিনি সাইদুলের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সমাজের হৃদয়বানদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।
মাইক্রোস্ট্যান্ড সমিতির পক্ষ থেকেও প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানানো হয়।সেই সাথে প্রকৃত ঘটনা উন্মোচনেরও দাবি জানানো হয়।এমন ঘটনা যেন পরবর্তীতে কোন ড্রাইভারের সাথে না ঘটে সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
মোঃ বাবুল আক্তার, ভেড়ামারা(কুষ্টিয়া) প্রতিনিধি : 























