সংস্কৃতির অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য। বাংলাদেশের প্রেক্ষাপটে সংগীত কিংবা অভিনয়ের মতো নৃত্যকে পেশা হিসেবে নেওয়া এখনো ঝুঁকিপূর্ণ। কেন? কারণ, নৃত্য যতটা নান্দনিক, ততটাই কঠিন। এই কঠিনেরে ভালোবেসে আগলে রাখার ইচ্ছা ও ধৈর্য অনেকেরই থাকে না।
যাঁরা পারেন, তাঁরা সময়টাকে জয় করতে পারেন। কিন্তু দেশের প্রেক্ষাপটে নৃত্যের ওপর ভর করে সফল জীবন পেয়েছেন কজন? এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ঘুরেফিরে হাতেগোনা কয়েকটি নামই আসবে।
এর মধ্যে একজন মুনমুন আহমেদ। জীবনের প্রায় পুরোটা সময় ধরেই তিনি জড়িয়ে আছেন নৃত্যের সঙ্গে।
তিনি বলেন, ‘দেশের যে পরিস্থিতি, এখন এসব নিয়ে কথা বলাও একটু কঠিন। তবে হ্যাঁ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন নৃত্যকলা বিভাগ রয়েছে। সেখান থেকে পড়াশোনা করে অনেকে কাজ করছেন। প্রায় সব স্কুলে এখন নাচের ক্লাস হয়।
যাঁরা নৃত্য নিয়ে পড়ছেন, তাঁরা স্কুল-কলেজে নাচের শিক্ষকতা করছেন, কেউ নিজেই ছোট পরিসরে নাচের প্রতিষ্ঠান করছেন। আসলে লেগে থাকলে টিকে থাকা যায়। এখন কেউ যদি বসে থাকেন, আর ভাবেন কাজ ঘরে আসবে, তাহলে তো হবে না। শুধু বাংলাদেশ না, পুরো বিশ্বেই সংস্কৃতিটা এখন একটু অন্য রকমভাবে চলছে। এটা স্বাভাবিক, প্রত্যেকটা জিনিসেরই আপ-ডাউন থাকে।
নিজস্ব প্রতিবেদক 
























