কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে অবৈধ ৫টি ইটভাটাকে বন্ধ এবং ২টি ইটভাটাকে জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এবং তার নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালতের একটি বিশেষ টিম। এসময় দুটি ইট ভাটাকে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ৫ মার্চ সকাল ১১টা থেকে এই অভিযান চালু হয়ে বিকেল পর্যন্ত চলমান থাকে।অভিযানে সহকারি কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন,ভেড়ামারা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর অংশগ্রহণ করে।
মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রীট পিটিশন নং ১৩৭০৫/২০২২ এর প্রেক্ষিতে ২৯ জানুয়ারি ২০২৫ এর প্রদত্ত আদেশ ও ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের আদেশ অনুযায়ী উপজেলা প্রশাসন বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান চালায়।
অভিযানে মোট ৫টি অবৈধ ভাটাকে ইট উৎপাদন বন্ধ করে আগুন নিভিয়ে দেওয়া হয় এবং সিলগালা করে সেগুলোর প্রধান ফটকে লাল নিশানাসহ বন্ধের ব্যানার টানানো হয়। বন্ধ ভাটাগুলি হলো- কেএমবি ব্রিকস, এএন্ডএইচ ব্রিকস, এনএসবি ব্রিকস, এএমবি ব্রিকস ও এজিএম ব্রিকস।এছাড়া মান্নান মন্ডলের ব্রিকসকে ১ লাখ টাকা এবং আইএমআর ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, ভেড়ামারায় মোট ৪৪টি ইটভাটা রয়েছে, যার মধ্যে ৩০টি ভাটার কার্যক্রম হাইকোর্টের রিট পিটিশনের আওতায় রয়েছে। বাকি ১৪টি রিপিটিশনের আওতায় নেই।এর মধ্যে ৩টি ভাটার লাইসেন্স রয়েছে, তবে ১১টি ভাটার কোনো কাগজপত্র নেই। ইতিমধ্যে অবৈধ ৫টি ভাটা বন্ধ করা হয়েছে। বাকি ৯টিও বন্ধ করা হবে। অভিযান চলমান থাকবে।
মোঃ বাবুল আক্তার,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ 























