৩০টি পরিবারের মধ্যে রয়েছে মাত্র একটি চাপাকল
শুষ্ক মৌসুমে পানি উঠে কম
৩০ ফুট মাটির নিচে হওয়ায় বর্ষায় চাপা কলটি ডুবে যায়
৭ বছর আগে ঋণ নিয়ে চাপা কলটি বসায় একটি পরিবার
পানি সংকটে গোসল না করেই অনেকের দিনপাত
পানির অপর নাম জীবন। কিন্তু সেই পানি সংকটে ভুগছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেরামারা আজিজ নগর গ্রামের দুই শতাধিক মানুষ। গ্রামিতে ৩০টি পরিবারের জন্য রয়েছে মাত্র একটি চাপাকল (নলকূপ)। সেটিও ৭ বছর আগে মাটি খুঁড়ে কূপ তৈরি করে ৩০ ফুট গভীরে বসিয়েছেন একটি পরিবার। এখন ওই পরিবারের বসানো চাপা কলটিই ২০০ মানুষের ভরসা।
জানা গেছে, চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেরামারা আজিজনগর একটি পাহাড়ি গ্রাম। এই গ্রামেরপূর্ব পাশে ৩০টি পরিবারের প্রায় দুই শতাধিক মানুষের বসবাস। তবে গ্রামটিতে কোন পুকুর কিংবা টিউবয়েল নেই। ৭ বছর আগে বসতি শুরু করা মাফিয়া বেগম এনজিও সংস্থা ‘আশা’ থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়ে একটি চাপাকল (টিউবয়েল) বসান। পাহাড়ি অঞ্চল হওয়ায় প্রথমে পানি পাননি, পরে ৩০ ফুট মাটি খুঁড়ে বানানো হয় কূপ। আর সেই কূপে বসানো হয় চাপা কলটি। তবুও আশানুরুপ পানি উঠে না কলটিতে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় এখানকার মানুষদের।
সরেজমিনে দেখা যায়, চাপা কলের পানি নিয়ে কূয়া থেকে উঠার জন্য মাটি ও পাথর দিয়ে তৈরি করা হয়েছে ১৮টি সিঁড়ি। অনেক বৃদ্ধ নারী পুরুষ ভয়ে কলের পানি নিতে আসেন না। বর্ষায় কূপটি পানিতে ভরপুর হয়ে যায়, এতে চরম পানি সংকট দিনকাটে জনসাধারণের।
স্থানীয় বাসিন্দা ও চাপাকল স্থাপনকারী পরিবারের সদস্য মাফিয়া বেগম বলেন, প্রায় ৭ বছর আগে এনজিও সংস্থা ‘আশা’ থেকে এক বছরের জন্য ৩০ হাজার টাকা ঋণ নিয়ে চাপাকলটি বসিয়েছি। প্রথমে অনেক কষ্ট করেও পানি পাওয়া যায়নি। পরে মাটি খুঁড়ে কূয়া তৈরি করে চাপাকলটি স্থাপন করা হয়।কিন্তু শুষ্ক মৌসুমে আশানুরুপ পানি পাওয়া যায়না। বর্ষাকালে বৃষ্টির পানিতে ডুবে থাকে কূপটি।
পানি নিতে আসা পঞ্চাশোর্ধ নারী রাবেয়া খাতুন বলেন, আমাদের গ্রামটি পাহাড়ি এলাকায় হলেও কোন বিচ্ছিন্ন জনপদ নয়। তবু এখানে কোন ধরনের সরকারি সুযোগ-সুবিধা পৌঁছায় না। এখানে চলাচলের ভালোরাস্তা নেই, বিদ্যুৎ নেই, পানির সংকট নিত্যদিনের সঙ্গী।আমরা সরকারের কাছে একটি গভীর নলকূপ স্থাপনের আবেদন জানাচ্ছি।
এবিষয়ে জানতে চাইলে করেরহাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃমহিউদ্দিন বলেন, বিষয়টি অবগত হওয়ার পর আমি এলাকাটি পরিদর্শন করেছি। উপজেলা ইউএনও মহোদয় বিষয়টি দেখতেছেন। শীঘ্রই টিউবওয়েলের কাজ শুরু হবে বলে আশা করছি।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, করেহাট ইউনিয়নের আজিজনগর এলাকায় একটি পাড়ায় মানুষের পানি সংকটের বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে যথাযথ ব্যবস্থা নেয়া নির্দেশ দেয়া হয়েছে। শীঘ্রই পানি সংকট নিরসনে প্রয়োজনীয় বিষয়গুলো ব্যবস্থা নেব আমরা।
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:: 























