খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে ২৩ ফেব্রুয়ারি (রবিবার) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সহ-শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
প্রতিযোগিতায় বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা, খুলনা বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং অলিম্পিক পতাকা উত্তোলনের পর মশাল প্রজ্বালন করে মাঠ প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। বিকালে ২০টি ইভেন্টে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
ছাত্র ও ছাত্রীদের দলগত ইভেন্টে শিক্ষা ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হয়। ছাত্রদের ব্যক্তিগত ইভেন্টে যৌথভাবে শিক্ষা ডিসিপ্লিনের ইমাম হোসেন এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সুমন হোসেন চ্যাম্পিয়ন হন। ছাত্রীদের ব্যক্তিগত ইভেন্টে চ্যাম্পিয়ন হন শিক্ষা ডিসিপ্লিনের সাজিয়া মাহিন মিথী।
জাহিদা সুলতানা রিমা, খুলনা 






















