সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) রাত ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে মোমবাতি প্রজ্জ্বলন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং ধর্ষণের বিরুদ্ধে নানা প্রতিবাদী স্লোগান দেন শিক্ষার্থীরা।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম বলেন,
“বাংলাদেশে ধর্ষণ মহামারির রূপ নিয়েছে। একজন চতুর্থ শ্রেণির শিশু থেকে শুরু করে পোশাক শ্রমিক— কেউই নিরাপদ নয়। আমরা অন্তর্বর্তিকালীন সরকারের কাছে দাবি জানাই, যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।”
আরেক শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন,
“দেশে যেন ধর্ষণের মহোৎসব চলছে। প্রতিদিন বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা ঘটছে, কিন্তু বিচার মিলছে না। আমরা রাষ্ট্রের দিকে তাকিয়ে আছি, কিন্তু বিচারহীনতার সংস্কৃতি আমাদের হতাশ করেছে। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই।”
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদেরকে “একশন একশন, ডাইরেক্ট একশন!”
“ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন!”
“ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না!”
“ধর্ষকদের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও!”
“বিচার চাই, বিচার চাই, ধর্ষকদের বিচার চাই!” ইত্যাদি বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।
এ কর্মসূচিতে সংহতি জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন, প্রক্টর ড. সোনিয়া খান সনি এবং সহকারী প্রক্টরবৃন্দ অংশগ্রহণ করেন। উপাচার্য ড. শুচিতা শরমিন শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন,
“বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী আওয়াজ তুলেছেন এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।
সংবাদ শিরোনাম ::
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী ‘Break The Silence’ কর্মসূচি পালন
-
আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি - আপডেট সময় ১০:৪৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৭৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























