মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে’র প্রথম প্রহরে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা একাত্ম হয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন। এ সময় এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপাচার্য বলেন, “ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের মাতৃভাষার মর্যাদা ও অধিকার নিশ্চিত করেছে। তাঁদের স্মরণে আমাদের শপথ নিতে হবে বাংলা ভাষার সঠিক চর্চা ও বিকাশে অবদান রাখার।”
ভাষার মাস উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে, যার মধ্যে রয়েছে প্রবন্ধ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে সচেতনতা অর্জন করবে।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ছিল একুশের চেতনার আবহে মুখরিত।
সামী আহম্মেদ পাভেল জাককানইবি প্রতিনিধি: 






















