রাজবাড়ীর পাংশায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সৌরভ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৫ মার্চ) দুপুরে পাংশা উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে।
সৌরভ পাংশা পৌর শহরের সত্যজিৎপুর এলাকার আফজালের ছেলে। সে পাংশা সরকারি জজ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাতে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. মহিদুল ইসলাম বলেন, ‘দুপুরে সৌরভসহ কয়েকজন উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে। এক পাড় থেকে অন্য পাড়ে সাঁতার কেটে যাওয়ার সময় মাঝ পুকুরে গিয়ে ডুবে যায় সৌরভ। এ সময় স্থানীয়রাসহ পুকুরে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।’
মো. মহিদুল ইসলাম আরও বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসে একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও ফরিদপুর থেকে ডুবরি দল না পৌঁছানোয় উদ্ধার কার্যক্রম চালাতে পারেনি। তবে স্থানীয়রা উদ্ধার কার্যক্রম অব্যহত রেখেছিল। পরে বিকেল ৩টার দিকে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।’
মোঃ হেলাল উদ্দিন সরদার রাজবাড়ী জেলা প্রতিনিধি : 























