ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিয়ের এক মাস পার হওয়ার আগেই জেবিন আক্তার (২১) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার মেহারী ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত জেবিন উপজেলার চারগাছ গ্রামের ফারুক মিয়ার মেয়ে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। জেবিন চারগাছ এনআই ভূঁইয়া ডিগ্রি কলেজের ডিগ্রি শেষ বর্ষের পরীক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, মোজাম্মেল নামে দুবাইপ্রবাসী এক যুবকের সঙ্গে জেবিনের প্রায় সাত বছরের প্রেমের সম্পর্ক ছিল। পরে দুই পরিবারের সম্মতিতে গত ২৬ অক্টোবর ২০২৬ সামাজিকভাবে তাঁদের বিয়ে হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মূল ভবনের পশ্চিম পাশের একটি কক্ষে দরজা বন্ধ করে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন জেবিন। পরে তাঁর শাশুড়ি ও পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর লাশ বাড়িতে নিয়ে আসা হয়। জেবিনের চাচাতো ভাই জাকির জানান, মোজাম্মেল ও জেবিনের মধ্যে দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্ক ছিল। পরে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়।
মেহারী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কাউছার আহমেদ জানান, ঘটনার আগের রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল বলে তাঁরা জানতে পেরেছেন। কসবা থানার এসআই রবিউল জানান, বিকেল ৩টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে এসআই শাহিন ঘটনাস্থলে যান।
সরেজমিনে দেখা গেছে, বিকেল ৫টার দিকে তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিন ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছিলেন। এসআই শাহিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যাওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক 



















