নাটোরের লালপুর থানা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় ঝিনাইদহ জেলার শৈলকুপা থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া শিশু মোঃ জোবায়ের হোসেন বিশ্বাস (১২) ফিরে পেল তার পরিবারকে। দীর্ঘ সময় প্রতীক্ষার পর বিভিন্নভাবে যোগাযোগ করে তার পরিবারের সন্ধান পাওয়া যায়। আজ ২৭/১১/২০২৬ তারিখ বিকেল ৪.০০টার সময় শিশু মোঃ জোবায়ের হোসেন বিশ্বাস (১২), পিতা মোঃ আনোয়ার হোসেন, মাতা হাসনা হেনা, সাং- আগুনিয়াপাড়া, থানা- শৈলকুপা, জেলা- ঝিনাইদহকে তার পিতার নিকট হস্তান্তর করা হয়।
জানা যায়, শিশু জোবায়ের গত ২৫/১১/২০২৬ তারিখে পিতা-মাতার অজান্তে বাড়ি থেকে বের হয়ে নাটোর জেলার লালপুর থানাধীন আব্দুলপুর এলাকায় চলে আসে। আব্দুলপুর এলাকার কিছু স্থানীয় লোকজন বহু সময় চেষ্টা করেও তার কোনো নাম-ঠিকানা জোগাড় করতে না পেরে অবশেষে লালপুর থানার সহযোগিতা কামনা করেন এবং শিশুটিকে গতকাল অর্থাৎ ২৬/১১/২০২৬ তারিখ বিকেলবেলা লালপুর থানায় এসে জমা দিয়ে যান।
লালপুর থানার বেশ কয়েকজন অফিসারের সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত শিশুটির ঠিকানা জোগাড় করে আজ শিশুটিকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এই কাজে যাঁরা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, সকলের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
মোঃ শিহাব উদ্দিন টোকন, স্টাফ রিপোর্টার 



















