প্রায় এক দশক আগে ভাইরাল হওয়া একটি গান অনেকেই হয়তো শুনে থাকবেন। নাম ‘বিলিওনেরা’। গানটি এ অঞ্চলের শ্রোতাদের কাছে কিছুটা দুর্বোধ্যও ছিল বটে। গেয়েছিলেন রোমানিয়ার পপসংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা। ইংরেজি ও স্প্যানিশ ভাষার এ গানটির মাধ্যমেই বিশ্বজুড়ে পরিচিতি পান ওটিলিয়া। এরপর বেশ কিছু গান উপহার দিয়েছেন ঠিকই, কিন্তু আগের মতো আর সাড়া ফেলতে পারেননি। ঘটে ছন্দপতন।
এমনই এক শিল্পী দ্বিতীয়বারের মতো এলেন ঢাকায়। সর্বশেষ এসেছিলেন ২০২২ সালে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় পৌঁছেছেন ওটিলিয়া। সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সেখানে শিল্পীর সঙ্গে সাংবাদিকদের বেশ আগ্রহ নিয়ে কথা বলতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শ্রোতাদের মধ্যে খানিকটা আগ্রহ ছড়িয়েছে। তবে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ‘বিলিওনেরা’ গানটি ছাড়া তাঁর আর কোনো জনপ্রিয় গান রয়েছে কি না! কেউ কেউ বলছেন, শ্রোতারা কি শুধু তাঁর এই একটি গানই শুনবেন?
রোমানিয়ান এই শিল্পীর গানের ভাষা ঢাকার অনেক শ্রোতার কাছেই দুর্বোধ্য হতে পারে। অথচ তাঁকে সরাসরি মঞ্চে দেখতে ও গান শুনতে গুনতে হবে চড়া দাম। কনসার্টের টিকিটের দাম শুরু হয়েছে আড়াই হাজার টাকা থেকে। সামনের সারিতে বসে উপভোগ করতে খরচ করতে হবে সর্বোচ্চ ১৫ হাজার টাকা। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ‘বিলিওনেরা’র বাইরে তাঁর অন্য গানগুলোর জনপ্রিয়তা কতটা? একটি গানের পরিচিতিকে কেন্দ্র করে আয়োজিত এই কনসার্টে এত চড়া দামে টিকিট কিনে ওটিলিয়ার গান শুনতে কতটা আগ্রহী হবেন ঢাকার শ্রোতারা?
বিদেশি শিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজন নতুন নয়। তবে একজন শিল্পীকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে তাঁর সামগ্রিক জনপ্রিয়তা ও সাম্প্রতিক সংগীতচর্চা বিবেচনায় নেওয়া জরুরি। ওটিলিয়ার শো, অনুসারী ও গানের পরিসংখ্যান সামনে আনলে তাঁর জনপ্রিয়তার বিস্তৃতি নিয়ে প্রশ্ন থেকেই যায়। বিশেষ করে একটি গানই যখন তাঁর পরিচিতির প্রধান ভিত্তি, তখন তাঁকে ঘিরে ঢাকায় আয়োজনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠছে।
চলতি বছর ওটিলিয়ার মঞ্চে পারফরম্যান্সের সংখ্যা খুব বেশি নয় বলেই বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে। বছরজুড়ে হাতে গোনা কয়েকটি শোর তথ্য পাওয়া গেছে। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত শিল্পী এড শিরান, বিয়ন্সে ও টেলর সুইফটের মতো তারকারা বছরে গড়ে ৮০টিরও বেশি শো করে থাকেন। এ ছাড়া বিশ্ব সংবাদমাধ্যমগুলোও ওটিলিয়াকে নিয়ে খুব একটা সরব নয়।
শুধু তা-ই নয়, ওটিলিয়ার জনপ্রিয় গানের ইউটিউব পরিসংখ্যানেও রয়েছে উল্লেখযোগ্য ব্যবধান। তাঁর সবচেয়ে পরিচিত গান ‘বিলিওনেরা’র অফিশিয়াল ভিডিওতে ভিউ প্রায় ৭২ কোটি ৫৯ লাখ। অন্যদিকে ‘অ্যাডেলান্তে’ পেয়েছে প্রায় ৮ কোটি ৫২ লাখ, ‘ডায়ামান্তে’ ৭ কোটি ৭৫ লাখ, ‘প্রিসিওনেরা’ ৪ কোটি ৩৫ লাখ এবং ‘অ্যাভেনচুরা’ ২ কোটি ৭৮ লাখ ভিউ। অর্থাৎ ‘বিলিওনেরা’র বাইরেও তাঁর কয়েকটি গান শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়েছে। তবে শীর্ষ গানটির সঙ্গে অন্য গানগুলোর জনপ্রিয়তার ব্যবধান বেশ বড়।
অন্যদিকে ওটিলিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৪ লাখ ৩ হাজার। সব মিলিয়ে গানের ভিউ, চ্যানেলের অনুসারী ও সাম্প্রতিক শোর প্রকাশ্য তথ্যের মধ্যে একটি বিষয় স্পষ্ট—তাঁর জনপ্রিয়তার সবচেয়ে বড় জায়গা ‘বিলিওনেরা’। অবশ্য ইউটিউবের ভিউ বা সাবস্ক্রাইবার দিয়ে কোনো শিল্পীর সামগ্রিক জনপ্রিয়তা পুরোপুরি বিচার করা যায় না। তবু এসব পরিসংখ্যান সামনে রেখেই প্রশ্ন উঠছে।
শ্রোতাদের একটি বড় অংশ মনে করেন, দেশের সংগীতাঙ্গনে জনপ্রিয় ও প্রতিষ্ঠিত শিল্পীর অভাব নেই। একইভাবে ভারতীয় উপমহাদেশেও রয়েছেন অসংখ্য পরিচিত সংগীতশিল্পী, যাঁদের গান ও পরিবেশনার প্রতি এ দেশের শ্রোতাদের দীর্ঘদিনের আগ্রহ রয়েছে। তাঁদের নিয়ে বড় আয়োজনের সুযোগ থাকলেও ওটিলিয়াকে ঘিরে এমন প্রচারণা ও উচ্ছ্বাসের যৌক্তিকতা কী, তা নিয়ে প্রশ্ন থাকছেই। একজন বিদেশি শিল্পীকে আমন্ত্রণ জানানোয় আপত্তি নেই; তবে তাঁর জনপ্রিয়তা ও সংগীতজগতের বর্তমান অবস্থানের সঙ্গে আয়োজনের ব্যাপকতার সামঞ্জস্য কতটা, সেটিও আয়োজকদের বিবেচনা করা উচিত বলে মনে করেন তাঁরা।
বিনোদন ডেস্ক 























