কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩২তম আসর বসছে আগামী ডিসেম্বরে। ১৭ ডিসেম্বর পর্দা উঠবে উৎসবটির, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। পশ্চিমবঙ্গে নতুন সরকার, তাই উৎসবেও থাকছে নানা ভিন্নতা।
এবারের উৎসবে ভারতের বেশ কয়েকজন বড় তারকা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ। আগেই জানা গিয়েছিল, উৎসবে হাজির হবেন তামিল সুপারস্টার রজনীকান্ত ও তেলুগু তারকা প্রভাস। এ ছাড়া বলিউড থেকে অনুপম খের, কঙ্গনা রানাওয়াতের মতো তারকারাও থাকবেন বলে জানিয়েছিলেন উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী।
এবার জানা গেল, অতিথির তালিকায় যুক্ত হয়েছে বলিউড ভাইজান সালমান খানের নাম। এর ফলে তিন বছর পর কলকাতায় যাবেন এই অভিনেতা। সর্বশেষ ২০২৩ সালের উৎসবে গিয়েছিলেন তিনি। সে সময় পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। উৎসবের আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সালমান। এবার নতুন সরকার ও নতুন আয়োজনে সালমান কী বলেন, তা শোনার অপেক্ষায় ভক্তরা।
কলকাতার গণমাধ্যমকে মিঠুন চক্রবর্তী বলেন, ‘এবারের উৎসবে ফিল্ম বাজারকে আমরা বিশেষভাবে প্রমোট করব। কমিটির শিডিউল এবং কে কী দায়িত্ব সামলাবেন, তা নির্ধারণ করা হয়েছে। কলকাতার ল্যান্ডমার্ক জায়গাগুলোকে উৎসবের উপযোগী করে সাজিয়ে তোলা হবে। বিদেশ থেকেও খ্যাতিমান অতিথিদের আনার চেষ্টা চালানো হচ্ছে।’
প্রসঙ্গত, এ বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুটি সিনেমাও অংশ নেবে। এর মধ্যে মূল প্রতিযোগিতা বিভাগে থাকছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। আর এশিয়ান কম্পিটিশন বিভাগে লড়বে মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’।
বিনোদন ডেস্ক 























