চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে টোমাস উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলার মনাকষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকা মাঠে এ ঘটনা ঘটে। নিহত টোমাস উদ্দিন শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মর্তুজার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন কৃষক লীগের কর্মী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনাকষা এলাকার একটি কৃষিজমিতে কয়েকজন গোপনে ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই টোমাসের মৃত্যু হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারসহ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
মোহাঃ রকিব উদ্দীন-স্টাফ রিপোর্টার 





















