দেশের ওটিটি দুনিয়ার আলোচিত চরিত্র ‘অ্যালেন স্বপন’ আবারও ফিরছে পর্দায়। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনের শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। তবে এবারের পর্বে থাকছে বড় চমক। আগের দুই সিজনে অ্যালেন স্বপনের সঙ্গী হিসেবে দেখা গেলেও এবার থাকছেন না রাফিয়াত রশিদ মিথিলা। তার জায়গায় যুক্ত হচ্ছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
২০২২ সালে ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজের মাধ্যমে প্রথম দর্শকদের সামনে আসে অ্যালেন স্বপন চরিত্রটি। নাসির উদ্দিন খানের দুর্দান্ত অভিনয়ে চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই সাফল্যের ধারাবাহিকতায় নির্মাতা শিহাব শাহীন তৈরি করেন আলাদা সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। পরবর্তী সময়ে সিরিজটির দ্বিতীয় সিজনও দর্শকমহলে সাড়া ফেলে।
এবার তৃতীয় সিজনে নতুনভাবে গল্প এগিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। আগের মতোই নাম ভূমিকায় অভিনয় করছেন নাসির উদ্দিন খান। তবে শায়লা চরিত্রে মিথিলার পরিবর্তে প্রভাকে দেখা যাবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বিষয়টি নিয়ে নির্মাতা শিহাব শাহীন জানান, চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো প্রকল্প সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য দেওয়ার সুযোগ নেই তার। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকেই বিস্তারিত জানানো হবে। তবে চরকির একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমে প্রভার যুক্ত হওয়ার খবর প্রকাশিত হয়েছে।
এদিকে, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মিথিলা। সেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে কাজ করার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা করছেন তিনি। পেশাগত ব্যস্ততার কারণে দেশে ফিরে শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না তার।
অন্যদিকে চলতি নভেম্বরের শেষ দিকে প্রভার শুটিংয়ে যোগ দেওয়ার কথা রয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ পুরো সিরিজের শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
নতুন সিজনে নাসির উদ্দিন খান ও সাদিয়া জাহান প্রভা ছাড়াও অভিনয় করার কথা রয়েছে সালাহউদ্দিন লাভলু, জয়রাজ ও ফারজানা ছবির। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ঈদুল ফিতরে চরকিতে মুক্তি পাবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজন।
বিনোদন প্রতিবেদক 
























