চট্টগ্রামের হাটহাজারীতে ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন স্থাপন করে মাদক উৎপাদনের অভিযোগে তৌহিদুল আলম আকিব নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির একটি মেশিন ও বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।
গ্রেফতার তৌহিদুল আলম আকিব পটিয়া থানার কুলাগাঁও ইউনিয়নের মাজার গেট এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি হাটহাজারী থানার শিকারপুর ইউনিয়নের কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনে ভাড়া বাসায় বসবাস করতেন।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ফয়সাল আহম্মেদ জানান, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকার মেহেরাজ খান চৌধুরী ঘাটা সিএনজি গ্যাস পাম্পের সামনে থেকে তৌহিদুল আলম আকিবকে গ্রেফতার করে চান্দগাঁও থানা পুলিশ।
এ সময় তার কাছ থেকে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনে তার ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার তথ্য দেন। এরপর ওই বাসায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির একটি মেশিনসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিব দাবি করেছেন, ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরির কৌশল শিখে তিনি নারায়ণগঞ্জ থেকে মেশিন কেনেন। পরে ব্যবসার উদ্দেশ্যে ওই মেশিন ব্যবহার করে ইয়াবা তৈরি করতেন।
নিজস্ব প্রতিবেদক 





















