বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে ৪৮.০৮ শতাংশ জমি দখল, বসতবাড়িতে কর্মচারী ওঠানো এবং অবৈধভাবে এটিএম বুথ স্থাপনের অভিযোগ উঠেছে সিটি ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান রুবেল আজিজের বিরুদ্ধে। এ ঘটনায় গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদকে অবৈধ স্থাপনা ও সাইনবোর্ড অপসারণের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে অবৈধ দখল উচ্ছেদ ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী জমির মালিক, মো. ইউসুফ আহম্মেদ বাচ্চু।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৮২ সালের ২৯ আগস্ট কবলা দলিলমূলে ৪৮.০৮ শতাংশ জমির মালিকানা লাভ করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন ভুক্তভোগী। ২০১২ সালে আর্থিক প্রয়োজনে তিনি জমিটি বিক্রির উদ্যোগ নিলে সিটি ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান রুবেল আজিজ জমিটি কেনার আগ্রহ প্রকাশ করেন। উভয় পক্ষের আলোচনায় জমির মূল্য ১৮০ কোটি টাকা নির্ধারণ করা হয়।

অভিযোগে বলা হয়, দলিল সম্পাদনের নির্ধারিত দিনে রুবেল আজিজ নগদ ৫০ কোটি টাকা এবং বাকি ১৩০ কোটি টাকার পরিবর্তে সিটি ব্যাংকের শেয়ারহোল্ডার ও পরিচালক পদ দেওয়ার প্রস্তাব দেন। জমির মালিক এই শর্তে রাজি না হওয়ায় দলিল প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।

ভুক্তভোগীর দাবি, এরপর রুবেল আজিজ তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ ফজলে নূর তাপসের মাধ্যমে তাঁকে ডেকে নিয়ে জমিটি লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। রাজি না হলে তাঁকে ও তাঁর পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোসহ হত্যার হুমকি দেওয়া হয় এবং বাড়িতে সন্ত্রাসী পাঠিয়ে নির্যাতন চালানো হয়। একপর্যায়ে প্রাণভয়ে তিনি পরিবারসহ আত্মগোপনে চলে যেতে বাধ্য হন।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে রুবেল আজিজ ও শেখ ফজলে নূর তাপস ক্ষমতার অপব্যবহার করে জমিটির ডান পাশে সিটি ব্যাংকের একটি এটিএম বুথ স্থাপন করেন এবং জোরপূর্বক ব্যাংকের সাইনবোর্ড ঝুলিয়ে দেন। পাশাপাশি ভুক্তভোগীর বসতবাড়িতে সিটি ব্যাংকের কর্মচারীদের তুলে দিয়ে পুরো সম্পত্তিটি অবৈধভাবে দখল করে নেওয়া হয়।
গত ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভুক্তভোগী পরিবারসহ নিজ এলাকায় ফিরে আসেন এবং রুবেল আজিজকে বাড়ি ফাঁকা করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার অনুরোধ জানান। সে সময় দ্রুত স্থাপনা সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগে জানানো হয়েছে।
এদিকে, দীর্ঘদিন আত্মগোপনে থাকায় চরম আর্থিক ও পারিবারিক ক্ষতির সম্মুখীন হয়ে ভুক্তভোগী সম্প্রতি জমিটি বিক্রির ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে ‘হিরা ইন্টারন্যাশনাল’-এর স্বত্বাধিকারী মো. আব্দুল আজিজ হিরা জমির সব কাগজপত্র যাচাই-বাছাই করে মালিকানা সঠিক পাওয়ায় জমিটি ক্রয়ের জন্য বায়নানামা দলিল রেজিস্ট্রি সম্পন্ন করেছেন।
পরবর্তীতে জমির দখল বুঝে পেতে গত ২৭ অক্টোবর ২০২৬ সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সরেজমিন তদন্ত ও মূল কাগজপত্র যাচাইপূর্বক জমি থেকে সিটি ব্যাংকের অবৈধ এটিএম বুথ, সাইনবোর্ড ও দখলদারদের উচ্ছেদ করে ন্যায়বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
নিজস্ব প্রতিবেদক 























