চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই মোতালেব হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ৬০ হাজার টাকার বিনিময়ে মাদক কারবারির স্ত্রী ও তার বোনের ছেলেকে আটকের পর ছেড়ে দেওয়ার গুরুতর ও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। গত ১৭ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চর বালিয়াঘাটা এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় এই অনিয়মের ঘটনা ঘটে। মূল মাদক কারবারিকে দেড় কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার দেখানো হলেও মোটা অঙ্কের উৎকোচ নিয়ে অন্য দুই অভিযুক্তকে ছেড়ে দেওয়ার বিষয়টি জানাজানি হওয়ায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমনকি তথ্য প্রকাশ হওয়ার পর অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভুক্তভোগী পরিবারটিকে আরও বড় ধরনের ক্ষতি করার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পেশাদার তদন্ত ও আইনি নিরপেক্ষতার প্রশ্ন তুলে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চর বালিয়াঘাটা এলাকার বাসিন্দা আব্দুল হান্নান দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত ১৭ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেনের নেতৃত্বে সাদা পোশাকে চারজন পুলিশ কনস্টেবল হান্নানের বসতবাড়িতে আকস্মিক অভিযান চালান। ওই অভিযানে পুলিশ ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
অভিযান চলাকালে এসআই মোতালেবের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তার সরাসরি নির্দেশে মূল অভিযুক্ত আব্দুল হান্নান ছাড়াও তার স্ত্রী খালেদা বেগম এবং স্ত্রীর বোনের ছেলে সাগরের হাতে জোরপূর্বক হ্যান্ডকাফ পরিয়ে আটক করা হয়। ভুক্তভোগী খালেদা বেগমের অভিযোগ অনুযায়ী, অভিযানের সময় পুলিশ সদস্যরা তার ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন এবং অকথ্য ভাষায় গালমন্দ করে বাড়িতে এক চরম ভীতিকর পরিবেশ তৈরি করেন। এরপর এসআই মোতালেব জানান যে, তিনি শুধু হান্নানকে গাঁজাসহ মামলায় গ্রেপ্তার দেখাবেন এবং অন্য দুজনকে মামলা থেকে অব্যাহতি দেবেন; তবে এর শর্ত হিসেবে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
পুলিশ কর্মকর্তার এমন অনৈতিক দাবির মুখে ভুক্তভোগী খালেদা বেগমের সঙ্গে এসআই মোতালেবের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে দেনদরবার চলে। পরিবারের চরম অসহায়ত্বের সুযোগ নিয়ে একপর্যায়ে খালেদা ৬০ হাজার টাকা দিতে সম্মত হন। তার ঘরে থাকা নগদ ১০ হাজার টাকা তিনি তাৎক্ষণিকভাবে এসআই মোতালেবের হাতে তুলে দেন। বাকি ৫০ হাজার টাকা ক্যাশ না থাকায় তিনি এলাকার বিকাশ ব্যবসায়ী আউয়াল আলীর দোকানে ছোটেন। সেখানে তিনি বিপদে পড়ে দুই আনার একটি সোনার আংটি এবং তিন আনার একটি কানের দুল বন্ধক রেখে ৫০ হাজার টাকা সংগ্রহ করেন।
এরপর এসআই মোতালেবের নির্দেশমতো তাঁর দেওয়া ০১৭৫২৮০৯৯৯২ নম্বরে ওই ৫০ হাজার টাকা সেন্ড মানি করা হয়। অনুসন্ধানে জানা যায়, যে নম্বরে টাকা পাঠানো হয়েছে সেটি সোহাগ নামের এক ব্যক্তির এবং তার ব্যবসাপ্রতিষ্ঠানের নাম ‘সোহাগ ফটোকপি ও কম্পিউটার’, যা চাঁপাইনবাবগঞ্জ সদর থানাসংলগ্ন পুরাতন বাজার এলাকায় অবস্থিত।
বিকাশ ব্যবসায়ী আউয়াল আলী এ বিষয়ে জানান, “খালেদা আমার কাছে পাঁচ আনা সোনা বন্ধক রেখে ৫০ হাজার টাকা পাঠিয়েছেন। এক দিনের কথা বলে সোনা বন্ধক রাখলেও তিনি এখনো টাকা ফেরত দিতে পারেননি। টাকা না দিলে আমি সোনা বিক্রি করে দেব।” অপরদিকে দোকানমালিক সাগর জানান, “আমি আমার ব্যবসায়িক নম্বরে ৫০ হাজার টাকা পেয়েছি। এটি প্রায় ২০ দিন আগের ঘটনা। এ টাকা কে নিয়ে গেছেন, আমার মনে নেই।” তবে অভিযুক্ত এসআই মোতালেব তাঁর পরিচিত বলে তিনি স্বীকার করেন।
কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী খালেদা বেগম বলেন, “আমার ও বোনের ছেলের হাতে হ্যান্ডকাফ লাগিয়ে এসআই মোতালেব আমাদের কাছে এক লাখ টাকা দাবি করেছেন। ঘরে টাকা না থাকায় আমার শেষ সম্বল সোনার গহনা বন্ধক রেখে তাঁকে টাকা দিতে বাধ্য হয়েছি। আমরা অত্যন্ত গরিব মানুষ, এখনো বিকাশের দোকানে টাকা শোধ করতে না পারায় সোনার গহনাগুলো ছাড়িয়ে নিতে পারিনি। এখন সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার কারণে এসআই মোতালেবের বিরুদ্ধে কথা বলায় তিনি আমাদের নানা ধরনের ক্ষতি করার হুমকি দিচ্ছেন।”
এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে অভিযুক্ত এসআই মোতালেব হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন। তিনি সাংবাদিকদের প্রতি চটে গিয়ে বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, সে ব্যাপারে আমি রাজশাহীর সাংবাদিকের সঙ্গে ফোনে কথা বলব না। কথা বলতে হলে থানায় আসেন।” এরপর তিনি কোনো উত্তর না দিয়েই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এসআই মোতালেবের বিরুদ্ধে উত্থাপিত এই গুরুতর ঘুষ বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ গণমাধ্যমকে জানান, “ঘটনাটি আমার জানা নেই। যদি কেউ পুলিশ সুপার স্যারের কাছে লিখিত অভিযোগ করেন, তাহলে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।” সাধারণ মানুষের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো দায়িত্বশীল পদে থেকে এ ধরনের দুর্নীতি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা পুলিশ বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাই নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে এসআই মোতালেবের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি উঠেছে।
নিজস্ব প্রতিবেদক 























