কিশোরগঞ্জের তাড়াইলে বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে আপন ভাই ও ভাতিজার বিরুদ্ধে থানায় ইয়াবা বিক্রির মামলা দায়ের করে হয়রানির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা হলেন উপজেলার দিগদাইড় ইউনিয়নের দিগদাইড় পশ্চিমপাড়া গ্রামের রুহুল আমিন, তাঁর স্ত্রী তাসলিমা খাতুন ও ছেলে সাব্বির মিয়া।
মঙ্গলবার (১০ নভেম্বর) তাড়াইল থানা সূত্রে জানা যায়, গত বুধবার (৪ নভেম্বর ২০২৬) তাড়াইল থানায় মামলা নম্বর-৬ এফআইআর হিসেবে রুজু করা হয়। মামলার বাদী ছফর উদ্দীন। তিনি ভুক্তভোগী রুহুল আমিনের আপন ভাই এবং সাব্বির মিয়ার চাচা। মামলায় রুহুল আমিন, তাসলিমা বেগম ও সাব্বির মিয়ার বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ আনা হয়েছে। তবে ভুক্তভোগী পরিবারের দাবি, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
ভুক্তভোগী রুহুল আমিন বলেন, “বসতবাড়ির জায়গার বিরোধের জেরে দীর্ঘদিন ধরে আমার আপন ভাই ছফর উদ্দীনের সঙ্গে বিরোধ চলে আসছিল। সেই বিরোধে জিততে না পেরে সে আমার, আমার স্ত্রী তাসলিমা খাতুন ও ছেলে সাব্বিরের নামে থানায় মিথ্যা ইয়াবা মামলা দিয়েছে। আমরা কখনো মাদকের সঙ্গে জড়িত ছিলাম না।”
তিনি আরও বলেন, “মিথ্যা মামলার কারণে আমরা এখন সমাজে মুখ দেখাতে পারছি না। থানা-আদালতে ঘুরে মানসিক ও আর্থিকভাবে হয়রানির শিকার হচ্ছি।”
ভুক্তভোগী পরিবার মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
দিগদাইড় ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এরশাদ উদ্দিন ভূঁইয়া বলেন, রুহুল আমিন, তাঁর স্ত্রী তাসলিমা খাতুন ও তাঁদের ছেলে সাব্বির মিয়া কখনোই ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি বলেন, রুহুল আমিনের আপন ভাই ছফর উদ্দীন পারিবারিক কলহের জেরে তাঁদের হয়রানি করার উদ্দেশ্যেই তাড়াইল থানায় ইয়াবা বিক্রির মামলা দিয়েছেন। ইউপি সদস্য হিসেবে আমি বলব, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক।
এ ব্যাপারে বাদী ছফর উদ্দীনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ভাতিজা সাব্বির তাঁর স্ত্রী হাকিমার কাছে কিছু ইয়াবা বড়ি রাখার কথা বললে তাঁর স্ত্রী হাকিমা তা রাখতে অনিচ্ছা প্রকাশ করেন এবং সাব্বিরকে বকাঝকা করেন। এ কথা বলার পর সাব্বির ক্ষিপ্ত হয়ে তাঁর স্ত্রীকে দেখে নেওয়ার হুমকি দেয়। তাই তিনি তাড়াইল থানায় তাঁদের বিরুদ্ধে ইয়াবা বিক্রির মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ মণ্ডল জানান, মামলাটি এফআইআরভুক্ত হয়েছে, তদন্ত চলছে। এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্তে সত্য বেরিয়ে আসবে।
রুহুল আমিন-তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি 




















