নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাস দুটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর গাবতলী মোড়ে পাশাপাশি তিনটি বাস দাঁড় করানো ছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ সেগুলোর মধ্যে দুটি বাসে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনে বাস দুটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্তের প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নওগাঁ জেলা প্রতিনিধি-আব্দুল মজিদ মল্লিক 























