রাজধানীর রামপুরা থানার মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে আদর আলী (১৭) নামে এক কিশোর আহত হয়েছে। বিস্ফোরণে তার শরীরের প্রায় ৮ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া পিঠ, বাম হাত ও বাম পায়ের বৃদ্ধাঙ্গুলে স্প্লিন্টারের আঘাত লেগেছে।
সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মালিবাগ চৌধুরীপাড়ায় গাজী মোটরসের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে ভোর ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আদর আলী বাড্ডার আলতাবর নিসা হাইস্কুল থেকে ২০২৬ সালে এসএসসি পাস করেছে। তার বাবার নাম উজ্জ্বল চৌধুরী। গ্রামের বাড়ি বরিশালের সদর থানার কুন্দিয়ালপাড়া এলাকায়। বর্তমানে সে দক্ষিণ বাড্ডার খ/৪৪ নম্বর বাসায় নানাবাড়িতে থাকে।
আহত কিশোরের বাবা উজ্জ্বল জানান, ককটেল বিস্ফোরণে আহত হওয়ার পর স্বজনরা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোর ৫টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়।
বর্তমানে আদর আলী ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের অবজারভেশন কক্ষে চিকিৎসাধীন রয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, রামপুরা থানার চৌধুরীপাড়া এলাকা থেকে ককটেলের আঘাতে আহত এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন, তার শরীরের প্রায় ৮ শতাংশ দগ্ধ হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 




















