মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ১২০ লিটার অ্যালকোহলযুক্ত চোলাইমদ ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ মো. আমির হোসেন (৩১) নামে একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে ভুরভুরিয়া চা বাগানের পুরাতন লাইনসংলগ্ন রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তিনটি প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা ছয়টি প্লাস্টিকের জারে অ্যালকোহলযুক্ত চোলাইমদ উদ্ধার করা হয়। প্রতিটি জারে ২০ লিটার করে মোট ১২০ লিটার চোলাইমদ জব্দ করা হয়। এ ছাড়া নম্বরবিহীন একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও এর একটি চাবি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার মো. আমির হোসেন কমলগঞ্জ থানার কেরামতনগর ডাকঘরের বাঘমারা (বালিগাঁও) গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মো. শফিক মিয়া এবং মাতা রাহেলা বেগম।
এ ঘটনায় উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামান।
আজাদ বাহার জামালী-বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 



















