কুমিল্লার মুরাদনগরে চোরাই সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মুরাদনগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাখরনগর থোল্লা গ্যাস পাম্পের সামনে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়। এ সময় জুম্মান হোসেন ওরফে জুম্মান ড্রাইভার (৩৩) ও মো. জসিম (৩০) আটক হন। তাঁদের সঙ্গে থাকা আরেক ব্যক্তি পালিয়ে যান।
পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাত ৭টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি চৌমুহনী এলাকা থেকে মামুন মিয়া (৪৫) নামে আরেকজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা আন্তঃজেলা সিএনজি অটোরিকশা চোর চক্রের সদস্য। তাঁরা বিভিন্ন এলাকা থেকে সিএনজি অটোরিকশা চুরি করে এক জেলা থেকে অন্য জেলায় কেনাবেচা করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক জুম্মান হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মুরাদনগর থানা পুলিশ।
আব্দুর রহমান সাঈফ-কুমিল্লা 



















