জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের সঙ্গে চলমান আলোচনা এবং অর্থবছরের সময় পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়গুলো বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাভাবিক চাকরির মেয়াদ শেষ হওয়ার দিনে অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
আজ সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে তাঁর অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য অর্থ বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের সঙ্গে চলমান আলোচনা এবং অর্থবছরের সময় পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়গুলো বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায়ের সীমাবদ্ধতা, ব্যাংক খাতের দুর্বলতা এবং বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর চ্যালেঞ্জ মোকাবিলা করছে বাংলাদেশ। এ পরিস্থিতিতে অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো এবং রাজস্ব আহরণ বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের নীতিনির্ধারণী কার্যক্রম চলছে।
সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার সাইডলাইনে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা কয়েক মাস ধরে চলবে। ব্যাংক খাতের সংস্কার, কর-জিডিপি অনুপাত বাড়ানো এবং বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়নের সময় ও ধাপ নিয়েও আলোচনা হচ্ছে।
অন্যদিকে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের অর্থবছর জুলাই-জুনের পরিবর্তে এপ্রিল-মার্চ করার প্রস্তুতি চলছে। এ পরিবর্তন কার্যকর করতে বাজেট প্রণয়ন, রাজস্ব আদায়, সরকারি হিসাব-নিকাশ এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধানে পরিবর্তন আনতে হবে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছর হবে ৯ মাসের একটি অন্তর্বর্তীকালীন সময়; নতুন নিয়মে পূর্ণ অর্থবছর শুরু হবে ২০২৮ সালের ১ এপ্রিল থেকে।
এমন পরিস্থিতিতে অর্থ বিভাগের সচিব পদে অভিজ্ঞ কর্মকর্তার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিজস্ব প্রতিবেদক 



















