প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা করে তাদের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, ঐতিহ্যবাহী জেএম সেন হলে তাঁরা সব সময় এসেছেন। তবে তাঁদের আগেও কেউ কেউ এখানে এসে সনাতন ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে থাকার আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে কোনো বৈষম্য থাকবে না। আমাদের স্বাধীনতার জন্য শহীদ মুক্তিযোদ্ধারা এমন একটি বাংলাদেশ চেয়েছিলেন, যেখানে ধর্মীয় সম্প্রীতি থাকবে। আমি খুব সচেতনভাবে “সাম্প্রদায়িক সম্প্রীতি” শব্দটি এড়িয়ে চলি। কারণ, আমরা কোথাও আইনিভাবে সম্প্রদায়কে স্বীকৃতি দিই না। পৃথিবীর সব দেশেই বিভিন্ন ধর্মের মানুষ কমবেশি থাকেন। সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষও থাকেন। কিন্তু আমরা এখানে কাউকে সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করতে চাই না। সে জন্য আমরা সবাই বাংলাদেশি নাগরিক। এই পরিচয় নতুনভাবে অনুধাবন করার জন্য চব্বিশ-পরবর্তী বাংলাদেশে আমরা যে সংস্কৃতি চালু করেছি, তার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’
তিনি বলেন, ‘আমরা এ দেশের সনাতন ধর্মাবলম্বী, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। গণ-অভ্যুত্থানে সব ধর্মের মানুষ ফ্যাসিবাদমুক্ত হওয়ার জন্য রক্ত ঝরিয়েছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা ধর্মের ভিত্তিতে বিভাজন চাই না। ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি করি না। ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিশ্বাস করি না। সুতরাং, যারা আপনাদের সব সময় ভোটব্যাংক হিসেবে বিবেচনা করেছিল, গতবার আপনারা তাদের সেই ধারণা ভেঙে দিয়েছেন। আপনারা আস্থা প্রকাশ করেছেন, আমরা বিশ্বাস রেখেছি। আস্থা ও বিশ্বাসের প্রতীক আমাদের নেতা তারেক রহমান।’
নিজস্ব প্রতিবেদক 






















