ঢাকার আশুলিয়ায় গার্মেন্টসকর্মী বিথী আক্তার হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা জেলা। এ ঘটনায় নিহতের স্বামী অটোরিকশা মেকানিক মজনু রাজাকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পিবিআই সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট আশুলিয়ার জামগড়া এলাকায় একটি ভাড়া বাসায় বিথী আক্তারকে গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া যায়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় মামলা করা হয়।
তদন্তে পিবিআই জানতে পারে, ঘটনার পর থেকেই নিহতের স্বামী মজনু রাজা আত্মগোপনে ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তবর্তী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উত্তরা এলাকায় পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদ জানান, হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত আছেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত চলমান রয়েছে।
আবুল হাসনাত রাসেল-উত্তরা, ঢাকা 



















