ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় মো. রাজীব হোসেন (৩২) নামে এক পাথরবোঝাই ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মিন্টু (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ‘শাপলা মেটাল ইন্ডাস্ট্রিজ’-এর সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত রাজীব হোসেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে কুড়িগ্রাম থেকে পাথরবোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে এলেঙ্গা এলাকায় মহাসড়কের পাশে ট্রাকটি থামিয়ে চালক রাজীব হোসেন প্রকৃতির ডাকে সাড়া দিতে নামেন। এ সময় ওঁৎ পেতে থাকা একদল ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা।
রাজীবের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে মিন্টু (৩২) নামে একজনকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক মিন্টু কালিহাতী উপজেলার এলেঙ্গা উত্তরপাড়া এলাকার শহীদ মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত আরও ৩ থেকে ৪ জন ছিনতাইকারী পালিয়ে গেছে বলে জানা গেছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মিন্টু নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।
জীবন আহমেদ রাব্বি, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 


















