কিশোরগঞ্জের তাড়াইলে বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৯৫ হাজার টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী তাড়াইল উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে সহযোগিতা করেন তাড়াইল থানা পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাজারগুলোতে অভিযান চালিয়ে বিভিন্ন দোকান থেকে আনুমানিক ৯৫ হাজার টাকা মূল্যের ২৭০ মিটার দৈর্ঘ্যের ১৫টি চায়না দুয়ারি (রিং জাল), যার বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা এবং ৭ হাজার মিটার দৈর্ঘ্যের কারেন্ট জাল, যার বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা, জব্দ করা হয়।
জব্দকৃত জালগুলো দেশীয় প্রজাতির মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর হওয়ায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী তাৎক্ষণিকভাবে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে উপস্থিত জনগণকে চায়না দুয়ারি ও কারেন্ট জালের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়।
এ বিষয়ে তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী বলেন, ‘দেশীয় মাছের বংশবিস্তার রক্ষা এবং মৎস্যসম্পদ সংরক্ষণের জন্য অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মৎস্য আইন অমান্য করে কেউ এ ধরনের অবৈধ জাল বিক্রি বা মজুদ করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের এ ধরনের জাল বিক্রি না করার জন্য সতর্ক করা হয়েছে।’
এ অভিযানে স্থানীয় মৎস্যজীবী ও সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: 






















