‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে অংশীদারিত্বের ভিত্তিতে বিএমডিএর সামাজিক বনায়ন কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দাঁড়িয়াগাঁথি ব্রিজ থেকে পারব্রজপুর সড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মো. আলী হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সহসভাপতি মো. সাইফুল ইসলাম মৃধা, যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উপজেলা প্রশাসন ও বিএমডিএ সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলায় ৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 


















