নওগাঁয় অবৈধ ইটভাটা, বিশেষ করে কাঠ পোড়ানো ফিক্সড চিমনি ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী হিসেবে পোড়ানো ইটের বিকল্প ব্লকের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে নওগাঁ জেলা ইটভাটা মালিক সমিতির সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। সভায় অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন ইটভাটা মালিক সমিতির প্রতিনিধিরা।
সভায় স্বাগত বক্তব্য ও পাওয়ারপয়েন্ট উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুল হক।
এ সময় সিভিল সার্জন, নওগাঁর প্রতিনিধি এবং সরকারি প্রকৌশল দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় পোড়ানো ইটের বিকল্প হিসেবে বালু, সিমেন্ট ও ফ্লাই অ্যাশসহ বিভিন্ন উপাদানে তৈরি ব্লকের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির আহ্বান জানানো হয়। পরিবেশ সুরক্ষা ও নির্মাণ খাতে টেকসই বিকল্প ব্যবহারে সংশ্লিষ্ট সবাইকে আরও উদ্যোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
আব্দুল মজিদ মল্লিক,নওগাঁ জেলা প্রতিনিধি 



















