টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার কোকডহড়া ইউনিয়নের বলদী বাজারে কালিহাতী থানা পুলিশ ও কোকডহড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়।
কোকডহড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলাল হোসেন ফুল মাহমুদের সভাপতিত্বে এবং কোকডহড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী, কোকডহড়া ইউনিয়নের বিট অফিসার এসআই শহীদুল্লাহ, এএসআই আজহার আলী, কোকডহড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদক নির্মূলে পুলিশ ও সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিকভাবে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশ শেষে মাদকবিরোধী একটি র্যালি বের করা হয়। র্যালিটি বলদী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জীবন আহমেদ রাব্বি, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 
























